গ্রেফতার-হামলা বন্ধ করুন, না হলে দায় আপনাদের: সরকারকে ফখরুল
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গ্রেফতার-হামলা বন্ধ করুন, না হলে সব দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। জনগণের ওপর নির্যাতনের দায় আপনাদের নিতে হবে।’মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আজ আতঙ্কিত এ দেশে গণতন্ত্র টিকে থাকবে কিনা। আজ যে নির্বাচন কমিশন আছে তারা সুষ্ঠু নিবার্চন পরিচালনা করতে পারবে কিনা।’
তিনি বলেন, ‘সরকার নির্লজ্জভাবে বিরোধী দলের প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে। এ নির্বাচন আমাদের দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সিদ্ধান্ত হবে এ দেশে গণতন্ত্র থাকবে কিনা, জনগণের বাকস্বাধীনতা থাকবে কিনা, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হবে কিনা।’মির্জা ফখরুল বলেন, ‘সরকার নজিরবিহীন ভাবে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা করছে। আপনারা যতই হামলা-মামলা করেন জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেন না।’নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ বিজয়ের দিন, আর আমরা লড়াইয়ে আছি। সেটি হলো ভোটের লড়াই। ২০১৪ সালের ৫ জানুয়ারি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে।’
তিনি বলেন, ‘গত ৫ বছরে যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন তারা ছিনতাই করেছে। এবারো ভাবছে তারা ৫ জানুয়ারির মত পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকবে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার সরকারকে আর ওয়াক ওভার দিব না। খালি মাঠে গোল দিতে দিব না।’মান্না বলেন, ‘আমরা যখন নির্বাচনে যাবো ঘোষণা দিলাম তখন থেকেই আমাদের ওপর নির্যাতন শুরু করেছে। আমাদের প্রার্থীদের হামলা করছে প্রচারণা চালাতে দিচ্ছে না।’গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা আবার ক্ষমতায় থাকার জন্য পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীর মত ব্যবহার করছে। সারা দেশে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের হামলা করা হচ্ছে।’তিনি বলেন, ‘জনগণ ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে বিজয়ী করবে। এটা বিজয় দিবসে আমাদের আহ্বান দেশের জনগণের কাছে।’ সূত্র: ব্রেকিং নিউজ




