বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে আ.লীগ : ড. কামাল
নিউজ ডেস্ক।। জাতীয় ঐক্যের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ করেছিলাম। তবে যখন বুঝতে পেরেছিলাম আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি থেকে অনেক সরে এসেছে, তখন সিদ্ধান্ত নিলাম আওয়ামী লীগ করা যাবে না। নাগরিক টেলিভিশনে ‘সবিনয়ে জানতে চাই’ টকশোতে তিনি এ সব কথা বলেন। এ সময় ড. কামাল বলেন, বঙ্গবন্ধুর সময় প্রকৃত অর্থে গণতন্ত্রকে যেভাবে পরিচালনা করা হতো তা দেখে ছিলাম, অংশগ্রহণ করার মতো সৌভাগ্যও হয়ে ছিলো। কিন্তু তারপরে যে বিষযগুলো হলো তা অত্যন্ত ভয়াবহ। দেখলাম ছাত্রদের অস্ত্র দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জবাবে উত্তর পেলাম না, আপনি যে রাজনীতি করেছেন তার পরিবর্তন হয়েছে। এমন রাজনীতি তো বঙ্গবন্ধু করেননি। বঙ্গবন্ধু নেই, তার আদর্শে গড়া রাজনীতিও নেই।
তিনি বলেন, সিদ্ধান্ত নিলাম বঙ্গবন্ধু নেই রাজনীতিও করবো না। তবে রাজনীতি থেকে বের হয়ে কোনো দল করিনি, গণতান্ত্রিক ফোরাম করেছিলাম। গণতন্ত্রের মূল্যবোধকে আলোচনার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করি। আলোচনায় বিভিন্ন মত ও চিন্তুা থাকবে এবং সহমত অবস্থান করে বিভিন্ন মতামত নিয়ে। বিশেষ করে পেশি শক্তির কোনো ভূমিকা থাকবে না। তিনি আরো বলেন, অনেকেই বলেছেন, আমরা তো আপনার সাথে আসতে চাই কিন্তু দল না করলে তো আমরা আসতে পারছি না। অনেকের অনুরোধে ভাবলাম একটা দল করা যাক।
গণফোরাম গঠন নিয়ে ড. কামাল বলেন, শেষ পর্যন্ত অনেকেই গণফোরামে আসলেন আবার অনেকেই বেরিয়ে গেলেন। যার মন্ত্রী হওয়ার সুযোগ বেশি তিনি দল থেকে বের হতে চেয়েছেন। আমি বললাম হ্যাঁ যার মন্ত্রী হওয়ার সুযোগ আছে সে দল থেকে বের হয়ে যাওয়া উচিত।




