নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত ফখরুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কর্মী সমাবেশের গিয়ে নেতাকর্মীদের অশোভন আচরণের শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। শুক্রবার বগুড়ায় স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে কর্মী সমাবেশের সভাপতি করা নিয়ে এ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।জানা যায়, বগুড়া শহর বিএনপির আয়োজনে সকালে কর্মী সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে সভাপতি না করে বগুড়া-৬ আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমানকে সভাপতি করা হয়।
ভিপি সাইফুলকে সভাপতি না করায় তার অনুসারীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে অতিথিদের আসনে বসা মির্জা ফখরুলের সামনে গিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু। ভিপি সাইফুলের সমর্থকরাও চিৎকার করতে থাকেন।এসময় হিমু মির্জা ফখরুল ও মাহবুবুর রহমানের দিকে আঙুল তুলে উচ্চস্বরে কথা বলতে থাকে। মির্জা ফখরুলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হিমু। এতে সভাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মির্জা ফখরুল মাইক্রোফোন হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত হতে বলেন। হিমুকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেন।
উদ্ভুত পরিস্থিতির জন্য মির্জা ফখরুল নেতাকর্মীদের ওপর বিরক্তি প্রকাশ করেন। ‘আপনাদের কি লজ্জা নেই, আপনাদের ধৈর্য্য এত কম কেন’ বলেন ফখরুল। পরে ভিপি সাইফুল ইসলাম নিজে অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে সভাপতিত্ব করার অনুরোধ জানান।




