238363

‘হয়তো আর ইলেকশন করা হবে না’

আসন্ন জাতীয় সংসিদ নির্বাচনকে জীবনের ‘শেষ নির্বাচন’ হিসেবে দাবি করেছেন জাতীয় পার্টির কো চেয়ারমান রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় রওশন এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। হয়তো এরপর আর ইলেকশন করা সম্ভব হবে না। আরো কিছু কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। সবাই মিলে আমাকে সাহায্য-সহযোগিতা করলে আমরা এই বাঁধা (নির্বাচনের) উৎরাতে পারবো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্মভিটার এই আসনটিতে লাঙল প্রতীক নিয়েই বিজয় কেতন উড়াতে চান তিনি, এগিয়ে নিতে চান দেশকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজে অবদান রাখতে নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতাও প্রত্যাশা করেছেন রওশন। এমনকি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগিতা ছাড়া ৩০ ডিসেম্বরের নির্বাচনের বৈতরণী পাড়ি দেওয়া নিজের জন্য কঠিন বলেই মনে করেন তিনি।জাতীয় পার্টির দুঃসময়ে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির প্রয়াত একেএম ফজলুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন রওশন এরশাদ। এরপর অষ্টম ও নবম জাতীয় সংসদে রংপুরের একটি আসন থেকে ভোট করে সংসদ সদস্য হন।

আওয়ামী লীগের সঙ্গে জোটসঙ্গী হওয়ার পর তাদের ছাড়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বান্দ্বতায় ময়মনসিংহ-৪ আসন থেকে এমপি হন। এবারো মহাজোট প্রার্থী হিসেবে এই আসন থেকেই ভোটে লড়ছেন তিনি। তার সঙ্গে নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।আসন্ন সংসদ নির্বাচনে রওশন এরশাদের নির্বাচনী খরচ বহন করবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম এবং সদ্য সাবেক ধর্মমন্ত্রীপুত্র মোহিত উর রহমান শান্ত।

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রওশন বলেছেন, আমি শামীম ও শান্তকে বলেছি, আমার ওভাবে টাকা-পয়সা নেই। ওরা আমার সন্তানের মতো। ওরা বলেছে বিষয়টি দেখবে। আপনাদের (দলীয় নেতা-কর্মী) সেটা বুঝতে হবে। আমাকে সর্বাত্মকভাবে সাহায্য-সহযোগিতা করতে হবে। ওরা সবাই মিলে যদি সাহায্য-সহযোগিতা করে তাহলে আমরা এই বাঁধা উৎরাতে পারবো।বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সংসদ সদস্য মুসলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত