238263

সিংহের গর্জন নেই, নায়কের কণ্ঠে গান

প্রতীক পেয়েই তিনি বলেছিলেন, সিংহ বনের রাজা, তিনিও গুলশানের রাজা হতে চান; সিংহ কখনো পরাজিত হতে পারে না। এই ঘোষণার তিন দিন পর ‘সিংহের’ অবস্থা দেখতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান, কালাচাঁদপুর, শাহজাদপুর, বারিধারা, মহাখালী, বনানীর বিভিন্ন এলাকা ঘুরে কোথাও সিংহের গর্জন শোনা গেল না। দেখা পাওয়া গেল না ‘সিংহ’ প্রতীকও। এই ‘সিংহ’ প্রতীকটি পেয়েছেন তিনবারের সংসদ সদস্য, বুলেট ট্রেন, মনোরেলসহ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখানো সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

সিংহ হাজির হয়নি, দুলছে না ধানের শীষ। তবে মাঠে নেমেছে লাঙল। নৌকার মাঝি হয়ে একজন নায়ক গাইছেন ‘ভাটিয়ালি’ গান। গুলশান, বনানী, মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট, ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ভোটযুদ্ধের এই অবস্থা দেখা গেল গতকাল।ঢাকা-৫ আসন ভেঙে ২০০৮ সালে করা হয় ঢাকা-১৭ আসন। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচিত হন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ। সোয়া তিন লাখ ভোটারের এ আসনে এবার মহাজোটের একক প্রার্থী নেই।

নর্দা বাসস্ট্যান্ড থেকে কালাচাঁদপুর হয়ে পথ চলতে চলতে পোস্টার দেখাই গেল না কোনো প্রার্থীর। অনেক দূর এগিয়ে প্রথমেই চোখে পড়ল বাসদের প্রার্থী এস এম আহসান হাবিব বুলবুলের পোস্টার। মই প্রতীকে ভোট চাওয়া হয়েছে। মাথার ওপর ঝুলতে থাকা সাদাকালো পোস্টার দেখিয়ে নর্দা বাজারে ফল বিক্রেতা মো. সুজন মিয়া বললেন, ‘কেউ আসেনি।’পার্ক রোড ধরে হেঁটে যেতে যেতে ১৮ নম্বর বাড়ির সামনে বাড়ির তত্ত্বাবধানকারী মো. আনোয়ার হোসেন বললেন, ‘এই সময়ের মধ্যে ভোটার তালিকা পেয়ে যাওয়ার কথা। শাহজাদপুরে শুধু এরশাদের ছবি, লাঙলের পোস্টার দেখে আসছি।’ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এক নিকটাত্মীয়র বাড়ির তত্ত্বাবধানকারী বললেন, ২০ তারিখের পর হয়তো জমবে।শাহজাদপুরে জাতীয় পার্টির ১৮ নম্বর ওয়ার্ডের কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায়। জানা গেল, কড়াইল বস্তিতে আগের দিন এরশাদের পক্ষে ভোট চেয়েছে কর্মীরা। গত ১০ ডিসেম্বর থেকে ঢাকা-১৭ আসনে দলের চেয়ারম্যান এরশাদের পক্ষে নির্বাচনী প্রচার শুরু হয়েছে।

মহাখালীতে গিয়ে জমজমাট স্লোগান শোনা গেল। ওয়্যারলেস গেটের কাছে দলীয় উদ্যোগে নির্মিত নির্বাচনী ক্যাম্পের সামনে দেখা গেল ‘নায়ক’কে। নায়ক বুকে কালো ‘মুজিব কোট’ পরেছেন। নিজের গাড়ি থেকে নেমে রিকশায় উঠে চলছিলেন পথ। সঙ্গে নেতাকর্মী। পথে থামতে হয়েছে নায়ককে সেলফি তোলার জন্য। বুকে জড়িয়ে ছবি তুলতে হয়েছে হেসে হেসে। এই ‘নায়ক’ আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক। নায়ক ফারুক নামেই এক বাক্যে যাঁকে সবাই চেনে। নৌকা প্রতীকে ভোটযুদ্ধে নেমে গানও গাইতে হচ্ছে নায়ক ফারুককে। গত ১১ ডিসেম্বর গুলশান-২-এর ওয়ান্ডারল্যান্ডে বিশাল মাঠে ‘ওরে নীল দরিয়া, আমায় দেরে দে ছাড়িয়া…’ গানটি বাজিয়ে তিনি প্রচার অভিযানে নামেন।

নায়ক ফারুক গতকাল বলেছেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ তরুণ রাজনীতিক আন্দালিব রহমান পার্থ ধানের শীষ নিয়ে ঐক্যজোটের প্রার্থী হয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডেন্ট পার্থর পক্ষে ধানের শীষের প্রচারণা নেই ঢাকা ১৭-এর বেশির ভাগ স্থানে। গতকাল বিকেল ৩টায় খোঁজ নিয়ে জানা গেল, আজ শুক্রবার থেকে গণসংযোগ শুরু করবেন তিনি। তার আগে পিকআপে করে পোস্টার লাগানোর কাজ গত রাতের মধ্যে শেষ করার কথা। পার্থ জানান, তাঁরা ডকুমেন্টেশনের কাজ করছেন। ভোটার তালিকা দেখে কর্মপরিকল্পনা করছেন। জানা গেছে, দুই দিন আগে পার্থর পক্ষে এলাকায় একটি ঘরোয়া বৈঠক করা হয়েছিল। সেখান থেকে দলের কয়েকজন স্থানীয় নেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ।

এ আসনের বর্তমান সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ নির্বাচনে অংশ নিচ্ছেন টেলিভিশন প্রতীক নিয়ে।গত রাতে কালের কণ্ঠ’র সঙ্গে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘আগামীকাল (আজ) জুমার নামাজের পর ভাসানটেক থেকে গণসংযোগ শুরু করব।’

ad

পাঠকের মতামত