নির্বাচনে পরাজিত হবে সাম্প্রদায়িকতার ‘বিষবৃক্ষ’ : কাদের
নিউজ ডেস্ক।। বিজয়ের মাসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ সাম্প্রদায়িকতার বিপক্ষে ও মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে কৃতী সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিএনপিকে সাম্প্রদায়িকতার ধারক হিসেবে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে, স্বাধীনতার আদর্শের পক্ষেই রায় দেবে। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, এই বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে।’
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দ্যূত ও মন্ত্রীরা। এ সময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।




