238190

‘সে এতই হট যে তাঁকে বাথটাবে রাখতে হয়েছিল’

বিনোদন ডেস্ক: আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে বামনের চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাহরুখ খান। আর ক্যাটরিনা অভিনয় করেছেন খ্যাতিমান এক তারকার চরিত্রে। সেই তারকার নাম ববিতা কুমারী, যে কি না নেশাগ্রস্ত, খ্যাতির দম্ভ আছে তার। শাহরুখ খান বামন বাউয়া সিং চরিত্রে অভিনয় করেছেন আর ক্যাটরিনা কাইফ ববিতা কুমারীর চরিত্রে। ববিতার চরিত্রে ভিন্নরূপে ধরা দিয়েছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। সিনেমায় তাঁর ঘোরলাগা চোখ দেখে যে কেউই নেশাতুর হয়ে পড়বেন। ‘জিরো’র ট্রেইলারেও তাঁর রূপের ঝলক দেখে মাতোয়ারা হয়েছিল অন্তর্জালের ভক্তকুল। এবার ক্যাটের রূপে নিজের মুগ্ধতার কথা জানালেন স্বয়ং বলিউড বাদশাহ।

‘জিরো’ সিনেমার ‘মেরে নাম তু’ ও ‘ইশকবাজি’র পর গতকাল এ ছবির ‘হুসন পরছাম’ নামে নতুন আরেকটি গান মুক্তি পায়। সেই গানে ক্যাটরিনার নাচে মুগ্ধ হয়েছেন সবাই। আর রূপে তো বটেই। ক্যাটরিনার রূপের প্রশংসা করে মত দিয়েছেন শাহরুখ খান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘জিরো’র সেট থেকে তোলা একটি ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘হুসন পরছামে সে এতই হট ছিল যে সেটে আমাদের তাঁকে বাথটাবে রাখতে হয়েছিল। সুন্দরী ববিতা।’ শাহরুখ খান আর ক্যাটরিনা কাইফ এর আগে যশ চোপড়ার শেষ ছবি ‘জব তক হ্যায় জান’-এ কাজ করেছিলেন। তাঁদের রসায়ন ভক্তকুলে সাড়া ফেলেছিল। গতকাল যখন ‘জিরো’ সিনেমায় শাহরুখকে চুমু দেওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা ক্যাটরিনাকে প্রশ্ন করেছিলেন, তখন বেশ মিষ্টি উত্তর দিয়েছিলেন তিনি।

সাংবাদিকেরা ক্যাটরিনাকে জানান, তিনিই প্রথম অভিনেত্রী, যিনি পর্দায় কিং খানকে চুমু খাওয়ার ‘সৌভাগ্য’ অর্জন করলেন। এর উত্তরে ক্যাটরিনা বলেন, ‘কে বলল আমি সৌভাগ্যবান, আসলে তিনিই সৌভাগ্যবান।’ সিনেমার আরেক নায়িকা আনুশকা শর্মা। তিনি রোগে ভোগা বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্পে দেখা যায়, বামন বাউয়া সিং সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের প্রেমে পড়ে। কিন্তু তার প্রেমকাহিনীতে নতুন মোচড় আসে, যখন সে ফের একজন মদে মত্ত অভিনেত্রী ববিতা কুমারীর প্রেমে পড়ে। পরে ববিতা তাকে অপমান করলে বাউয়া উপলব্ধি করে, সে সব শেষ করে ফেলেছে। এর পর বাউয়া ফের আফিয়াকে পাওয়ার চেষ্টা করে। শেষে কী হয়, তা জানতে ছবিটি দেখতে হবে। ২০১২ সালের ‘জব তক হ্যায় জান’র পরে দ্বিতীয়বার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনাকে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘জিরো’। সূত্র : বলিউড বাবল।

ad

পাঠকের মতামত