আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই বিএনপি প্রার্থীকে হত্যার চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঢুকে প্রশাসনের সামনে বিএনপি মনোনীত প্রার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আচরণ বিধি সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়।
ইউএনও শাহীনুর ইসলামের সভাপতিত্বে সভায় আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আটজন প্রার্থী ও তাদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভাচলাকালীন সময় বিকেল সারে ৪টায় হঠাৎ সভা কক্ষে প্রবেশ করে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল মান্নানের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায় রনি বিল্লাহ নামের এক ছাত্রলীগ নেতা। রনি সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইউএনও, থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে এ ঘটনা ঘটার পর সবাই হতবাক হয়ে পড়ে।
এ সময় প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা সভাকক্ষে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিএনপির প্রার্থী আজহারুল মান্নান জানান, আমাকে গলা চেপে হত্যা করার জন্যই এ ঘটনা ঘটানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতো অবনতি আজকের ঘটনায় এর প্রমাণ। ইউএনও শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হঠাৎ করে সম্মেলন কক্ষে প্রবেশ করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ




