238024

লক্ষ্মীপুরে ধানের শীষ প্রার্থীর বাড়িতে হামলা, নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

অনলাইন ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়া এবং ধানের শীষের প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে রামগঞ্জে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন প্রার্থীরা। জানা যায়, এদিন সকালে উপজেলার করপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্যাম্পের প্লাস্টিক চেয়ার ও টেবিল পুড়ে যায়। এ সময় পাশের একটি চায়ের দোকানেও আসবাবপত্র পুড়ে যায়। প্রতিপক্ষের লোকজনই অগ্নিসংযোগ করে নির্বাচনী অফিস পুড়িয়েছে বলে দাবি করেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান।

এদিকে, এদিন দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কেন্দ্রীয় এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, নেতাকর্মীরা তার বাড়ির সামনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন। এসময় হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এতে বাড়িতে থাকা চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাঙচুর। নেতাকর্মীদের মারধর করা হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত