237759

‘ঐক্যফ্রন্টের নামে জামাত-শিবিরকে হালাল করা হয়েছে’

ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামাল, আ স ম রব, কাদের সিদ্দিকীরা জামায়াতের দাঁড়িপাল্লায় ধানের শীষ তুলে দিয়েছে। তার মধ্য দিয়ে ধানের শীষে যে বিষ মাখালো, সে বিষ দিয়ে তারা এ জাতিকে ধ্বংস করতে চায়। তাই নির্বাচনে রাজনীতির প্রশ্নে জামায়াতকে বাইরে রাখতে হবে। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে ‘না’ বলতে হবে।বুধবার বিকেল পৌনে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতি প্রার্থীদের বয়কট ও জামাতি পৃষ্ঠপোষকতা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সমাবেশের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে পুলিশ প্রটোকলসহ উপস্থিত হন রাশেদ খান মেনন। তার বক্তব্যের সময় পুলিশ সদস্যরা তার কাছাকাছিই উপস্থিত ছিলেন।রাশেদ খান বলেন, নতুন এ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের সামনে আরেকটি মুক্তিযুদ্ধের সুযোগ আজকে উপস্থিত। যুদ্ধাপরাধী জামাত-শিবির ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে উচ্ছেদ করার মাধ্যমে এ সুযোগ পেলো তারা। সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে জয়ী করার মাধ্যমে তাদেরকে এ মুক্তিযুদ্ধে জয়ী হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু এদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসেছিলো। তার স্ত্রী খালেদা তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছেন। তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের নামে জামাত-শিবিরকে হালাল করা হয়েছে। ঐক্যফ্রন্টের যে নমিনেশন হয়েছে, তাতে বিএনপির পরেই জামায়াতের অবস্থান।সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

ad

পাঠকের মতামত