ক্ষত-বিক্ষত মেয়েটি বখাটের ধারালো অস্ত্রে
নিউজ ডেস্ক।। এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল. রাস্তায় আচমকা বখাটের হানা। কিছু বুঝে ওঠার আগেই ধারলো অস্ত্রের কোপ মেয়েটির গালে-পিটে আর ঘাড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাফরগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। ওই এসএসসি পরীক্ষার্থী নন্দী ঘোষের মেয়ে। আর হামলাকারী বখাটে আশিকুর রহমানের বাড়িও একই গ্রামে।
ওই ছাত্রীর পিতা জানান, তার মেয়ে এবার জাফরগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষার্থী। বিকাল চারটার দিকে প্রাইভেট পড়ে সে বাড়ি ফিরছিল। এ সময় আশিকুর রহমান নামের এক বখাটে ধারালো অস্ত্র দিয়ে তার মেয়েকে ঘাড় ও গাল এবং পিটে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর পিতা আরো জানান, আশিকুরসহ স্থানীয় কয়েকজন বখাটে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় উত্যক্ত করতো। তবে কী কারণে তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা তিনি বুঝতে পারছেন না। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদরুল আলম চৌধুরী ঢাকা টাইমসকে জানান, মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।’




