কক্সবাজার-৪ স্ত্রীর প্রতীক নিলেন বদি
কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্ত্রী শাহিন আক্তারের পক্ষে নৌকা প্রতীক নিলেন সাংসদ আবদুর রহমান বদি।সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে স্ত্রীর সমর্থনকারী হিসেবে প্রতীক বুঝে নেন তিনি।এ সময় সাংবাদিকদের বদি বলেন, উখিয়া-টেকনাফের মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে সাধারণ মানুষ তার স্ত্রীকেও ভোট দিয়ে নির্বাচিত করবে।আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে এ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার জাতীয় সংসদে যান আবদুর রহমান বদি।
টানা ১০ বছর সংসদ সদস্য থাকার কারণে বিএনপির দুর্গে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।কিন্তু ইয়াবা ও অন্যান্য ইস্যুতে তৈরি হওয়া বিতর্কগুলো শেষ পর্যন্ত তার (বদি) জন্য কাল হয়ে দাঁড়ায়।ফলে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ বদির পরিবর্তে নৌকার টিকিট দেয় তার স্ত্রী শাহিনকে।




