‘ইসির সঙ্গে আঁতাতের প্রমাণ দিন’
সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন(ইসি) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ এনেছেন তার কড়া জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপি নেতাদের কাছে এ অভিযোগের সুস্পষ্ট তথ্য-প্রমাণ চেয়েছেন।বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাইকোর্ট এলাকায় জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।এবারের নির্বাচনে ধানের শীষের প্রতীকে প্রার্থী হওয়া বেশ কিছু রাজনীতিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে বিএনপির অভিযোগ, সরকারের সঙ্গে আঁতাত করেই ইসি এমন পদক্ষেপ নিয়েছে।
এর জবাবে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে ইসি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে, এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন।এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ও বিএনপি নেতারা নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি জানিয়েছেন সেই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাকি ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে, বুঝতে হবে তাদের অন্য কোনো মতলব আছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই সময়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।
বিএনপির সমালোচবনা করে ওবায়দুল কাদের আরো বলেন, এই দল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাদের। সন্ত্রাসী ও দুর্নীতিপরায়ণ দল হিসেবে যে দুর্নাম, সেটি তারা কিভাবে ঘোচাবে? তাদের সাংগঠনিক শৃঙ্খলা নেই, এজন্য এভাবে মনোনয়ন বাণিজ্য হয়েছে। দুর্নীতিটা তাদের রক্তের সঙ্গে মিশে গিয়েছে।প্রসঙ্গত, আজ ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দেশের রাজনৈতিক দলগুলো।




