প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না মুন্নির
যশোরের অভয়নগরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রী ফারজানা আক্তার মুন্নির (১৬)। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় তার।অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরিফ শেখের মেয়ে মুন্নি স্থানীয় আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সাড়ে সাতটায় মেয়েটি স্কুলব্যাগসহ রেল লাইন পার হচ্ছিল। এ সময় খুলনাগামী কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।নিহত মুন্নির পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে ভাঙ্গাগেট এলাকায় তারই বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয় মুন্নি। রাত আনুমানিক ৮টায় মোবাইল ফোনে তারা জানতে পারেন ট্রেনের সঙ্গে একসিডেন্ট করেছে মুন্নি।




