নো কমেন্টস!
বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল বা বিএনপি— কোনো পক্ষই কথা বলেনি। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকটি শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়।পৌনে দুই ঘণ্টার এ বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের ব্রিফ করেনি। তবে বৈঠক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা বিএনপির কাছে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চান। বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের সদস্য ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক উপস্থিত ছিলেন।আর বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। এরপর পৌনে ৭টার দিকে এরপর গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান ইইউ প্রতিনিধি দল।এর আগে, বুধবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনিজ টেরিংক সাংবাদিকদের জানান, যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এই নির্বাচন নিয়ে তাদের আগ্রহের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন বিশেষজ্ঞ দল থাকবে নির্বাচনের মাঠে।




