জামায়াতকে যে ২৫ আসন দিয়েছে বিএনপি
জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীকে ২৫টি আসন দিয়েছে বিএনপি। বুধবার দলটির একজন নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।বুধবার দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন দলটির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ।এরপর মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে জানান, তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।এই প্রথম আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক ব্যবহার এবং বিএনপির সাথে আসন ভাগাভাগির বিষয়ে পরিষ্কার তথ্য জানালো দলটি।
একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুকদের মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন। বুধবার বিকাল ৫টার মধ্যে তাদের রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। সারা দেশে ৩০০ রিটার্নিং ও ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বরসূত্র: বিবিসি বাংলা




