‘বিএনপির জন্য আশীর্বাদ ড. কামাল’
ড. কামাল বিএনপির জন্য আল্লাহর তরফ থেকে আশীর্বাদ বলে মন্তব্য করেছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ। মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে চ্যানেল আইয়ে ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ড. সিনহা বলেন, আগামী নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় জয় হচ্ছে ড. কামাল হোসেনের মতো লোককে পাওয়া। দ্বিতীয় জয় হচ্ছে, ‘ধানের শীষ’কে ঐক্যফ্রন্টে সবার জন্য গ্রহণযোগ্য করে তোলা।তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রধান বানিয়ে এই কামাল হোসেন প্রমাণ করেছিলেন, কিভাবে একটি দলকে টিকিয়ে রাখতে হয়। দেখা যাচ্ছে, তিনি আবারও এসেছেন, তবে এবার এসেছেন বিএনপিকে রক্ষা করতে। বিএনপির অস্তিত্বের সঙ্গে ড. কামাল হোসেনের আজকের ঐতিহাসিক ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ড. সিনহা দাবি করেন, ড. কামাল হোসেন ভদ্র, নম্ন এবং মার্জিত। তিনি একজন ডেমোক্রেটও। এরকম একটি লোক পাওয়া মানে আল্লাহর তরফ থেকে একটি আশীর্বাদ। ঐক্যফ্রন্টের যে সমস্ত নেতারা ধানের শীষে ছিলেন না তারা ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীও শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকই নিলেন। তাই বলা যায়, বিএনপির জন্য এটি দ্বিতীয় বিজয়।তিনি আরো বলেন, বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি। এই ইলেকশনেই কিন্তু বিএনপি ভেঙে যাওয়ার কথা ছিলো। অনেক খেলা বা ড্রামা হয়েছে কিন্তু যেভাবেই হোক বিএনপি ভাঙা সম্ভব হয়নি। তাছাড়া এমন কিছু লোক সেখানে জড়ো হয়েছে, স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন রাখা যাবে না। তাই বলা যায়, নিঃসন্দেহে বিএনপির বর্তমান অবস্থান সরকারের জন্য চ্যালেঞ্জ।




