মায়া আউট রুহুল ইন
খেলাপি ঋণ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আসনে মনোনয়ন পেলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নুরুল আমিন রুহুল।এর আগে, চাঁদপুর-২ আসন থেকে ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কিন্তু তার বেরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ থাকায় তার সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বুধবার রাতে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নুরুল আমিন রুহুলকে।জানা গেছে, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চিঠি পেয়েছিলেন চিত্রনায়ক ফারুক। ওই আসনে মঙ্গলবার নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান।
জানা গেছে, বরিশাল-২ আসনে নতুন প্রার্থী হিসেবে চিঠি পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা মো. শাহে আলম। এই আসনে আগে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে।নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে। পরিবর্তন করে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে নতুন করে মনোনয়ন দেয়া হয়েছে।
এর আগে, রোববার (২৫ নভেম্বর) দলের মনোনীত প্রার্থীদের মধ্যে মনোনয়নের চিঠি বিতরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনও দল ও জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করেনি দলটি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কৌশলগত কারণে প্রার্থির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে সময় নিচ্ছেন তারা। যদিও রাত পেরোলেই বুধবার (২৮ নভেম্বর) এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।




