232796

জামিন পেলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ছয় মাসের জামিন দেয়া হয়েছে তাকে।সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। গত রোববার বিএনপির এ নেতার পক্ষে আপিল দায়ের করেছিলেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী।আদালতে আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

১৯৯১-৯৬ সালের সরকারে পূর্তমন্ত্রী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পরে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন তিনি।২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ফের বিএনপিতে সক্রিয় হন তিনি। কুমিল্লার সাবেক সংসদ সদস্য রফিকুল ২০০৮ সালের নির্বাচনে তিনি ঢাকার মিরপুরের আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।আইনজীবী রাগিব রউফ চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, “আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এছাড়া জরিমানা স্থগিত করে ছয় মাসের জামিন দিয়েছেন।”সম্পদের হিসাব না দেয়ায় গত ২০ নভেম্বর ব্যারিস্টার রফিকুলকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব।

১৪ বছর আগের এ মামলার রায়ে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি রফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়।রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় সাবেক মন্ত্রী রফিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে ওইদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় রফিকুল ইসলাম মিয়াকে রোববার (২৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে নোটিস দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি হিসাব না দেয়ায় ব্যুরো কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় মামলা করেন।তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন ওই কর্মকর্তা। আদালত অভিযোগ আমলে নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচার আদেশ দেন।

ad

পাঠকের মতামত