মমতাজ যে সুখবর পেলেন নির্বাচনের আগেই
নিউজ ডেস্ক।। দাদি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। এমন খবর প্রকাশ করেছেন তিনি নিজেই। সোমবার দুপুরে তিনি সোশ্যাল মিডিয়ায় তার দাদি হওয়ার খবর জানিয়েছেন। এতে তিনি বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’ রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেছেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। দুপুর সাড়ে ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
এদিকে মমতাজের ছেলে মেহেদী খান তার পেজে লেখেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’ সূত্র জানায়, মেহেদী খানের সঙ্গে চৈতি দেওয়ানের বিয়ে হয় ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি। মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ান।
এদিকে মমতাজ নাতনির মুখ দেখেই ছুটে যান মানিকগঞ্জে তাঁর নির্বাচনী এলাকায়। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। নাতনি হওয়ার খুশির খবর দিয়ে তিনি যোগ দেন কর্মিসভায়।




