সাকিবের মনোনয়ন না পাওয়ার কারণ জানালেন বিসিবি সভাপতি
জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন না পাওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আরো ৪-৫ বছর খেলবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, সাকিব এখন খেলুক। আজ বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি এ সব কথা জানান।সাকিবের মনোনয়নপত্র না তোলা প্রসঙ্গে তিনি বলেন,‘সাকিবও নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু তখন এই সব কথা চিন্তা করে, সাকিব আরো ৪-৫ বছর খেলবে বলে আমরা মনে করি। তাই সাকিবের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঠিক আছে সাকিব এখন খেলুক।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের খেলা নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, খেলার বিষয়টি নির্ভর করছে সম্পূর্ণ সাকিবের উপর। ফিজিও-ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সাকিব যদি মনে করে খেলবে তাহলে খেলতে পারবে। যদি প্রথম টেস্টে হয় তাহলে প্রথম টেস্টে যদি দ্বিতীয় টেস্টে হয় তাহলে দ্বিতীয় টেস্টে খেলবে। সাকিবকে নিয়ে বিসিবি কোনো রিস্ক নিতে চায় না বলে জানান তিনি।
এর আগে গত রোববার সাকিবের মনোনয়ন ফরম নিতে যাওয়ার কথা থাকলেও নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’




