229558

বিএনপির সবাইকে জেলে ভরে রাখা উচিত: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপিকে কোনো দিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত। বুধবার নয়াপল্টনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জয় এসব কথা লেখেন। সেখানে একটি সংবাদ লিংকও তিনি শেয়ার করেন।

ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল।’জয় আরো লিখেন, ‘বিএনপিকে কোনোদিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।’

প্রসঙ্গত, নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এক ঘণ্টার বেশি সময় ধরে ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। অন্যদিকে বিএনপি কর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে এবং পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত