সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর শোডাউন!
২০০১ সালে হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বাণিজ্যমন্ত্রী। টিকতে পারলে না সেখানেও। এবার ঠিকানা দপ্তরবিহীন মন্ত্রণালয়ে। তবে সে সময় এসব আলোচনাকে ছাপিয়ে গেছে ‘আল্লার মাল আল্লায় নিছে’ বলে বিতর্কিত মন্তব্যের করার কারণে। বলছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর কথা।পটুয়াখালী ১ আসনে তার একচ্ছত্র আধিপত্য পুরনো। তবে ২০০৯ সালের নির্বাচনে বিএনপি হারার পর তাকে তেমন মাঠে দেখা যায়নি। অবশেষে আজ দেখা গেল বিশাল শোডাউন নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসে। মনোনয়ন ফরম জমা দিতে এসেছিলেন। সাথে ছিলো বিশাল শোডাউন।
যার বেশিরভাগই এসেছেন পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী থেকে। গত দশ বছরে তাকে এভাবে দেখা যায়নি। গত বিএনপির সময় তাকে এভাবেই দেখা যেত। উজ্জীবিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে নয়াপল্টন। শোডাউনে আসা তার কর্মীরা বলেন, তিনি গত বিএনপির আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে তার জনপ্রিয়তা রয়েছে। দল তাকে মনোনয়ন দেয় আর যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তার জয় কেউ আটকাতে পারবেনা।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি আমার এলাকায় অনেক উন্নয়ন করেছি। যা আমার আগে কেউ করতে পারেনি। এবং গত দশ বছরেও আর কোন উন্নয়ন হয়নি। তাই এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আর যদি সুষ্ঠু নির্বাচন হয় আমিও জয়ী হবো।তিনি বলেন, গত দশ বছরে আমি সকল আন্দোলন সংগ্রামে দলের সাথেই ছিলাম। তাই আমি মনে করি দল আমাকেই মনোনয়ন দিবে। এবং আমি জয়ী হবো ইনশাল্লাহ।




