229013

ফের ইনজুরিতে তামিম

সবকিছু ঠিকভাবেই এগোচ্ছিল। ইনজুরি কাটিয়ে যাচ্ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। ঘরের মাঠে অনুষ্ঠেয় উইন্ডিজ সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল তামিম ইকবালের। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলার ব্যাপারে আশাবাদী ছিল ক্রিকেট বোর্ড।বাঁহাতের ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে অনুশীলন চালিয়ে যাওয়া তামিম যথারীতি অনুশীলন করছিলেন মঙ্গলবারও (১৩ নভেম্বর)। কিন্তু একাডেমি মাঠে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি।

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ডান হাতে ইনজুরি নিয়ে। আর সেখানে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। বাম হাতের কব্জিতে চিড় ধরে। টুর্নামেন্ট শুরু হতে না হতেই ফিরতে হয় দেশে। এই চোট উইন্ডিজ সিরিজের তার অংশগ্রহণ সংশয়ে ফেলে দিয়েছে।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তামিমের ইনজুরি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিমের ইনজুরি সম্পর্কে ডাক্তারের প্রতিবেদনের অপেক্ষা করছি আমরা। তবে প্রথম টেস্টের জন্য তাকে পাওয়া কঠিন হবে।’

নেটে ব্যাট করার সময় চোট পাওয়া তামিম এখন রয়েছেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে। তামিমের ইনজুরি সম্পর্কে জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন তামিম। তার পাঁজরে ব্যথা রয়েছে। আমরা আল্ট্রাসনো করেছি এবং তাকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি।’চোট সমস্যা থাকলেও তামিম ইকবালকে নিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু এই এশিয়া কাপই কাল হয়ে দাঁড়ায় জাতীয় দলের এই ড্যাশিং ওপেনারের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বাম হাতের কব্জিতে বল লেগে ছিটকে যান তামিম।

সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার আগেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ইনজুরির শঙ্কা। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে ফেরা তামিমের ইনজুরি ফের দুঃসংবাদ বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য। এমন ইঙ্গিতই দিয়েছেন দেবাশীষ চৌধুরী।‘যদি ৪৮ ঘণ্টা পর দেখা যায় তামিম কোনো ব্যথা অনুভব করছে না, তাহলে কোনো সমস্যা নেই। যদি সে ব্যথা অনুভব করে তাহলে আমাদের এক্স-রে করতে হবে,’ বলেন দেবাশীষ চৌধুরী।

ad

পাঠকের মতামত