‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে দুঃখ লাগে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অনেক সময় দুঃখ লাগে যে, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হলাম। তবে এবার ভালো খবর হচ্ছে সব দল নির্বাচনে অংশ নিচ্ছে।মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিগত ২০১৭-১৮ অর্থবছরের লভ্যাংশ প্রদান অনুষ্ঠান শেষ তিনি এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই। আমার আসন থেকে আমার ভাই নির্বাচন করবে। রাজনৈতিক নেতাদের একটা বিষয় বোঝা উচিত যে, অবসরের যাওয়ার জন্য ৮৫ বছর যথেষ্ট। এ বয়সে অবসরের যাওয়া উচিত। আমার এখন অবসরের যাওয়ার উত্তম সময়।
তিনি বলেন, তবে আমাদের দেশে রাজনীতিবিদরা সহজে অবসরে যেতে চান না। আমার চেয়েও অনেক বয়স্ক লোক এখনও রাজনীতি করছেন। তবে সবারই একটা নির্দিষ্ট সময়ে অবসর নেয়া উচিত।আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি এবারও মনোনয়নপত্র দাখিল করেছি। তবে এটা ডামি। আমি আর নির্বাচন করতে চাই না। এটা প্রধানমন্ত্রীকেও বলেছি, তিনি সম্মতি দিয়েছেন।এ সময় আর্থিক প্রতিষ্ঠানের সচিব আসাদুল ইসলাম, বিএসইসি চেয়ারম্যান ড.এম খায়রুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: বাংলাদেশ জার্নাল




