227410

যে দুই কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

সংলাপ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, মূলত দুটি কারণে প্রধানমন্ত্রী তাঁর সংবাদ সম্মেলন স্থগিত করেছেন।

প্রথম কারণটি হচ্ছে, গতকাল গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা যে সংলাপ অনুষ্ঠিত হয় সেখানে ঐক্যফ্রন্টের নেতাদের সংবিধান বহির্ভূত দাবি পূরণে সরকার অপারগতা প্রকাশ করে। সেজন্য আওয়ামী লীগ থেকে ধারণা করা হয়েছিল, সংলাপ থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের নেতারা ‘সংলাপ সফল হয়নি’ ধরনের কথাবার্তা বলবেন এবং সংলাপ প্রত্যাখ্যান বা নির্বাচনের তফসিল ঘোষণার বিরোধিতা করে বক্তব্য দেবেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় ২ ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে সংলাপ সম্পর্কে ইতিবাচক-নেতিবাচক কোনো বক্তব্যই দেয়নি। বরং তারা সংলাপকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে তফসিল ঘোষণার পরও আলোচনা চলতে পারে। যেহেতু তাঁরা সরাসরি সংলাপ প্রত্যাখ্যান করেনি বা নির্বাচনের তফসিল নিয়ে কোনো নেতিবাচক কথাবার্তা বলেনি তাই প্রধানমন্ত্রী মনে করছেন এই মুহূর্তে সংবাদ সম্মেলন করার কিছু নেই। কারণ দুই পক্ষের মধ্যে যে আলোচনা হয়েছে সে আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যেই গণমাধ্যমের কাছে চলে এসেছে।

আর দ্বিতীয় কারণটি হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মাধ্যমে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন। নির্বাচনের তফসিলই এ মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । তাই প্রধানমন্ত্রী মনে করছেন, সংবাদ সম্মেলন করে যদি তিনি বক্তব্য দেন তাহলে নির্বাচনের তফসিলের ব্যাপারটা কিছুটা আড়ালে চলে যাবে এবং কম গুরুত্ব পাবে। তফসিলের ওপর থেকে জনগণের দৃষ্টিও অন্যদিকে চলে যেতে পারে। সেজন্য আজকের দিনটি নির্বাচনের তফসিল সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

ad

পাঠকের মতামত