মিঠুনের আউটে বিপদে বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬ ওভারে ৫২/৪ (আফগানিস্তান ২৫৫/৭)
মিঠুনকে হারিয়ে বিপদে বাংলাদেশ
অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনলেন মোহাম্মদ মিঠুন। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দিলেন গুলবাদিন নাইব।
স্টাম্পের বাইরে সাদামাটা এক বলে পাঞ্চ করতে চেয়েছিলেন আগের ম্যাচে ফিফটি করা মিঠুন। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে।
৭ বলে ২ রান করে ফিরে যান মিঠুন। তার বিদায়ের সময় ১৪.১ ওভারে বাংলাদেশের স্কোর ৪৩/৪।
রিভিউ নিয়ে মুমিনুলকে ফেরাল আফগানিস্তান
মুমিনুল হককে নিয়ে সাকিব আল হাসানের প্রতিরোধ চেষ্টা ভেস্তে দিলেন গুলবাদিন নাইব। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা মুমিনুলকে ফিরিয়ে দিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
লেগ স্টাম্পের বাইরের বল মুমিনুলের ব্যাটের কানা ছুয়ে জমা পড়ে মোহাম্মদ শাজাদের গ্লাভসে। আম্পায়ার আউটের আবদেন সাড়া না দিয়ে ওয়াইড দিলে রিভিউ নেয় আফগানিস্তান।
রিভিউয়ে বলে ব্যাটের স্পর্শের প্রমাণ মেলে। ১৭ বলে ৯ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে যান মুমিনুল। তার বিদায়ের সময় ১২.২ ওভারে বাংলাদেশের স্কোর ৩৯/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মোহাম্মদ মিঠুন।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
পাওয়ার প্লেতে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। দলকে টানছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুমিনুল হক।
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩১/২। সাকিব ১১ ও মুমিনুল ৫ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের দুটি উইকেটই নিয়েছেন স্পিনার মুজিব উর রহমান।
আফগানদের আঁটসাঁট বোলিংয়ে রানেরর জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। পাওয়ার প্লেতে আসেনি কোনো বাউন্ডারি।
টিকলেন না লিটনও
নাজমুল হোসেন শান্তর পর দ্রুত ফিরে গেলেন লিটন দাস। আফতাব আলমের বলে এলবিডব্লিউ হয়ে গেছেন এই ওপেনার।
পেসার আফতাবের ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ব্যাটে খেলতে পারেননি লিটন। আম্পায়ার এলবিডব্লিউ দিলে নন স্ট্রাইকার সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে রিভিউ নেন এই কিপার ব্যাটসম্যান। তাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
১৪ বলে ৬ রান করে ফিরে যান লিটন। তার বিদায়ের সময় ৪.৫ ওভারে বাংলাদেশের স্কোর ১৭/২। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুমিনুল হক।
শুরুতেই ফিরলেন শান্ত
অভিষেকটা ব্যাটিংয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। তাকে ফিরিয়ে চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেন মুজিব উর রহমান।
আফগান স্পিনারকে বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন শান্ত। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে সহজ যায় পয়েন্টে।
১৩ বলে ৭ রান করে ফিরেন শান্ত। তার বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৩.৪ ওভারে ১৫/১। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাকিব আল হাসান।




