বিয়ের পরদিনই বাবরের বাড়িতে হামলা
সৌদি প্রবাসী বাবর আলী। তার স্ত্রী কমলা সুন্দরী খুবই আভিজাত্যের সঙ্গে জীবনযাপন করতে পছন্দ করতো। কমলা চাইতেন, বাবর আলী যতবার দেশে আসবে ততবার আরব শেখদের মতো বেশভুষা নিয়ে হেলিকপ্টারে করে আসতে হবে। বাবর আলী তেমনটাই করতেন।
হঠাৎ কমলা মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হেলিকপ্টারে দেশে ফিরেন বাবর আলী। দেশে আসার পর কমলার দুই বোন জামেলা ও সমেলা বাবরের বাড়িতে এসে হাজির হন। জামেলাকে বিয়ে করার জন্য বাবরকে চাপ দিতে থাকে। বাবরও বাধ্য হয়ে বিয়ে করেন।
বিয়ের পরদিনই এলাকার লোকজন এসে বাবরের বাড়িতে হামলা করে। তারা জানায়, কমলা সুন্দরী বেঁচে থাকাকালীন সবার কাছ থেকে সৌদি আরবে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে। গ্রামের মুরুব্বীদের সালিশের মাধ্যমে সাব্যস্ত হয় যে, কিছু লোকের টাকা বাবর আলী শোধ করবে, নয়তো সৌদি আরবে নিয়ে যাবে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন’। আগামী শুক্রবার (১৭ আগস্ট) থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার শুরু হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল হোসেন বাবর, এ্যানি খান, মৌসুমী নাগ, ফারুক আহমেদ, তারেক স্বপন, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু, লিজা খানম, এস এম কামরুল বাহার প্রমুখ।




