বিনা খরচে বাংলাদেশ থেকেজেলে নেবে চীন
নিউজ ডেস্ক।। বাংলাদেশ থেকে সমুদ্রে মাছ ধরার জন্য জেলে নিতে প্রস্তাব দিয়েছে চীন। এক্ষেত্রে সকল খরচ বহন করবে চীনের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি। সম্প্রতি বাংলাদেশের সমুদ্র পরিবহণ অধিদপ্তরের কাছে এমন একটি প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন এই দপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম।
সৈয়দ আরিফুল ইসলাম এই প্রতিবেদককে জানান, বেশ কিছু দিন আগে এ বিষয়ে আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে। পরবর্তীতে এটি আমার যাচাই বাঁছাই করে একটি প্রস্তাবনা নৌ পরিবহণমন্ত্রনালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটি অনুমোদন দিলে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ শুরু করবো।
চীনের পক্ষ থেকে প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে চীনের সমুদ্রসীমায় শুধুমাত্র মাছ ধরার জন্য ৪-৫’শ জন জেলে নেওয়া হবে। এক্ষেত্রে এসব জেলেকে সমুদ্র পরিবহণ অধিদপ্তর থেকে সীম্যান বুক দিতে হবে। সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণ। যেসব জেলে সীম্যান বুক পাবে তাদের নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে চীনের পক্ষ থেকে। তবে এখানেই শেষ নয়। প্রত্যেক জেলেকে প্রতিমাসে বেতন হিসেবে দেওয়া হবে ৪০ হাজার টাকা। সঙ্গে থাকবে রিক্রুটিং কোম্পানির প্রচলিত নিয়মানুযায়ী উৎসবভাতা। যেহেতু ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে একারণে তাদের জন্য জীবনবীমাসহ অঙ্গহানীর বীমাও থাকছে। কাজ শেষে দেশে ফেরার ব্যয়ও বহণ করবে সংশ্লিষ্ট এজেন্সি।




