222830

এবার বোলাররাও পরবেন হেলমেট

স্পোর্টস ডেস্ক- ক্রিকেট বলের আঘাত থেকে বাঁচতে ব্যাটসম্যানদের জন্য বেশকিছু সুরক্ষার ব্যবস্থা আছে। আঘাত থেকে মাথার সুরক্ষায় আছে হেলমেট। একই কারণে হেলমেট ব্যবহার করেন উইকেটকিপার, এমনকি এখন ফিল্ড আম্পায়ারদেরও হেলমেট পড়তে দেখা যায়।

কিন্তু বোলারদের জন্য তেমন কোনো সুরক্ষার ব্যবস্থা এতদিন ছিল না। বিশেষ করে স্ট্রেইট ড্রাইভ থেকে অনেক সময় আঘাত পেতে দেখা যায় বোলারদের। দীর্ঘদিন এই বিষয়ে আলোচনার পর একটা সুরাহা এসেছে। চলে এসেছে বোলারদের জন্যও হেলমেট।

বোলারদের ফলো-থ্রু’র পর অনেক সময় ব্যাটসম্যানদের সপাটে মারা স্ট্রেইট ড্রাইভ বোলারদের জন্য বিপদ ডেকে আনে। সেকেন্ডের ভগ্নাংশে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তা থামানোর কোনো উপায় থাকেনা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে ব্যাটসম্যানরা অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন। বিপদটা তাই এই ফরম্যাটেই বেশি। আর তাই বোলারদের জন্য হেলমেট প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া।

বোলারদের সুরক্ষায় হেলমেট তৈরির উদ্যোক্তা অস্ট্রেলিয়ার ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান কোকাবুরা স্পোর্টস। বোলারদের জন্য বিশেষ এই হেলমেট বানানোর চিন্তাকে সমর্থন জানিয়েছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।

গত সপ্তাহে লর্ডসভিত্তিক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসিসি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মধ্যে এক আলোচনায় বিষয়টি উঠে আসে।

এমসিসিসি’র প্যানেলে সভাপতি ছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং এবং তার সঙ্গে আলোচনায় যুক্ত হন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

আলোচনা শেষে তারা একটি মিডিয়া রিলিজ প্রকাশ করেন। সেখানে তারা জানান, সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানদের স্ট্রেইট ড্রাইভে বোলারদের আঘাত পাওয়ার কিছু ভিডিও ফুটেজ নিয়ে তারা আলোচনা করেন। সেই ফুটেজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গত বছর নটিংহ্যামশায়ারের লুক ফ্লেচারের ঘটনা, যা চিন্তা বাড়িয়ে দিয়েছে।

তবে ক্রিকেট বোলারদের হেলমেট ব্যবহারের ঘটনা একেবারে নতুন নয়। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ওটাগো’র হয়ে খেলা ওয়ারেন বার্নস নিজের বোলিং অ্যাকশনের কারণে নিজের নিরাপত্তার স্বার্থে হেলমেট পরিধান করেছিলেন। বোলিংয়ের ফলো-থ্রু’র সময় মাথা অনেকটা নিচু হয়ে যাওয়ায় স্ট্রেইট ড্রাইভের সময় মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থেকেই তার অমন ব্যবস্থা নেওয়া।

ad

পাঠকের মতামত