222775

সরকারকে আবারও সময় বেঁধে দিলেন আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের ঈদের আগেই মুক্তি দাবি করেছে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ ছাড়া ৩১ আগস্টের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সংগঠনটি।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন। এসময় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন উপস্থিত ছিলেন। তবে তিনি বক্তব্য রাখেননি।

কোটা আন্দোলনকারীদের এই সমাবেশ করার কথা ছিলো টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে। এজন্য আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের মহড়ার কারণে তা ভন্ডুল হয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে মৌলবাদ বিরোধী ছাত্র সমাবেশ করে। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কোটা সস্কার আন্দোলনকারীরা ১০ থেকে ১৫ মিনিটের জন্য জড়ো হন।

সেখানে বক্তব্য দেন বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী সন্ত্রাসীদের বিচার এবং দাবির আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগষ্টের মধ্যে না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে। এসময় তিনি ঈদের আগে শিক্ষার্থীদের মুক্তি দেয়া না হয় তাহলে আন্দোলনকারী সবাইকে কালো পোশাকে শোক প্রকাশ করে ঈদ পালন করার আহ্বান জানান।

ওই অবস্থান কর্মসূচিতে গ্রেপ্তার রাশেদ খান, রাতুল সরকারের পরিবারের সদস্যরা অংশ নেন। তারাও নিজেদের স্বজন ও সব বন্দীর মুক্তি চান।

এদিকে একই সময় টিএসসি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে এর আগেই কোটা আন্দোলনকারীরা স্থান ত্যাগ করে।

চলতি বছরের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর প্রজ্ঞাপনের দাবিতে বিভিন্ন সময় সরকারকে সময় বেঁধে দেন আন্দোলনকারীরা।

ad

পাঠকের মতামত