222675

রাজীব-মীমের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে রাজি জাবালে নূর

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর রাজীব ও মীমের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে রাজি হয়েছে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষ। রোববার হাইকোর্টকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রোববার বিআরটিএ’র প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৭ অক্টোবর দিন ধার‌্য করেছেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ৩০ জুলাই আজকের দিনে (১২ আগস্ট) বিআরটিএ-কে প্রতিবেদন দাখিল করতে বলেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষিতে বাসচাপায় মিম ও রাজীব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১০-১৫ জন শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলা নং ৩৩ (৭) ১৮।

দুর্ঘটনার দিন থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে বিভিন্ন স্কুল ও কলেজটির শিক্ষার্থীরা। এরপর ৯ দফা দাবিতে টানা ৯ দিন রাজপথে আন্দোলনে ছিল তারা।

ad

পাঠকের মতামত