222495

‘শাহেনশাহ’ নকল গল্পের ছবি না: রনি

বিনোদন ডেস্ক
তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির নতুন ছবি ‘শাহেনশাহ’। গত ৫ আগস্ট ছবিটির ঘোষণা দেন তিনি। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য এই ছবির মূল দুই চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শামীম আহমেদ রনি জানান, আগামী ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘শাহেনশাহ’ সম্পর্কে জানানো হবে। এদিন বড় আয়োজনে অনুষ্ঠিত হবে ছবিটির মহরত। এরপর পরিকল্পনামাফিক হবে শুটিং।

এদিকে ‘শাহেনশাহ’ ছবির চিত্রনাট্যের কাজের জন্য রনি গিয়েছেন কলকাতা। সেখান থেকেই তিনি জানিয়েছেন ছবিটির গল্প ও চিত্রনাট্যের ব্যাপারে। বললেন, একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই আমি, কোনো নকল ছবি বানাচ্ছি না আমরা। আমি এবং আমার চিত্রনাট্যকাররা দফায় দফায় বসে স্টোরি লাইন-আপ সাজিয়ে নিচ্ছি। একটা বাস্তব ঘটনা থেকেই গল্পের শুরুর ট্র‍্যাকটা নেয়া হয়েছে।

রনি আরো বলেন, একটা ভালো গল্পের ধামাকা ছবিই হবে ‘শাহেনশাহ’। ভালো কিছু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে রয়েছেন থাইল্যান্ডে। সেখানে তিনি ‘ক্যাপ্টেন খান’ ছবির গানের শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা বুবলী। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

ad

পাঠকের মতামত