‘তুই শুধু আমার’ ছবিতে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি: জায়েদ খান
বিনোদন ডেস্ক: ‘তুই শুধু আমার’ ছবিটিকে অনাপত্তিপত্র দেওয়ার জন্য ২য় বারের মতো তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক অনন্য মামুন। এদিকে ছবিটিতে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের প্রিভিউ কমিটির সদস্য জায়েদ খান। তাই কমিটির কাছ থেকে অনাপত্তিপত্র পায়নি চলচ্চিত্রটি। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি, সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী ও রেবেকা। ভারতের সোহম ও ওম কাজ করেছেন এই ছবিতে।
যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির সদস্য জায়েদ খান বলেন, ‘আমরা প্রথমে একবার ছবিটি দেখে বাদ দিয়েছি। অনন্য মামুন আবারও আবেদন করার পর আমরা দ্বিতীয়বার ছবিটি দেখি। সেখানে যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির সাতজন সদস্য উপস্থিত ছিলেন। সবাই বলেছেন, ছবিটি কলকাতার একটি লোকাল প্রোডাকশন। যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী শিল্পী, লোকেশন, টেকনিশিয়ান, এমনকি কৃষ্টি-কালচারও অর্ধেক হতে হবে। তার কিছুই ছিল না এই ছবিতে। দেখে মনে হবে এটি কলকাতার ছবি।’
ছবিটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আসলে আমি ২০১৭ সালে ছবির শুটিংয়ের জন্য প্রিভিউ কমিটিতে আবেদন করেছিলাম। আবেদন করার সময় শিল্পীদের শিডিউলসহ আবেদন করেছি। কিন্তু শুটিং করার অনুমতি পেয়েছি তার ৬ মাস পরে। যেহেতু আমার শিল্পী দুই দেশের, তাই বারবার তাঁদের শিডিউল মেলানো সম্ভব নয়। তাই বাধ্য হয়ে আমি কলকাতায় পাঁচ দিন শুটিং করেছি। চেয়েছিলাম ৩ দিন ঢাকায় শুটিং করব আর কলকাতায় ২ দিন। কিন্তু সেটি হয়নি।’
শিল্পীদের নিয়ে মামুন আরো বলেন, ‘আমি অনেক শিল্পীই বাংলাদেশের ব্যবহার করেছি। শুধু আমান রেজার ভিসা জটিলতায় তিনি কাজ করতে পারেননি। তারপরও আমরা বাংলাদেশের অন্য একাধিক শিল্পীকে নিয়ে কাজ করেছি।’




