222235

মুমিনুলকে ওয়ানডেতে খেলানো প্রসঙ্গে যা বললেন পাপন

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ধরা হয় মুমিনুল হককে। নিজেকে বহুবার প্রমাণ করেছেন এই বামহাতি ব্যাটসম্যান। টেস্টের জন্য মুমিনুলকে সহজেই বিবেচনা করা হলেও একদিনের ক্রিকেটে হিসেবের বাইরে থাকতে হয়। এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে মেলে ধরার চেষ্টা করেই যাচ্ছেন মুমিনুল। (৮ আগস্ট) আয়ারল্যান্ডে বাংলাদেশ এ’দলের হয়ে ১৮২ রানের অনবদ্য ইনিংস খেলে ওয়ানডেতে নিজের যোগ্যতা আর একবার প্রমাণ দিয়েছেন মুমিনুল। এই বামহাতি ব্যাটসম্যানকে ওয়ানডেতে অন্তর্ভূক্তি প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

উইন্ডিজে সফল সফর শেষে (৯ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে টাইগারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সাথে এক বৈঠক করেছেন তিনি। রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে এই বৈঠকে বোর্ড সভাপতি, কোচের পাশাপাশি ক্রিকেট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেখানে মুমিনুল হককে নিয়েও আলোচনা হয়। মুমিনুলকে তিন কিংবা সাত নম্বর ছাড়া খেলানোর জায়গা দেখছেন না বিসিবি সভাপতি। বৈঠক শেষে মুমিনুল প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে সমস্যাটা বলি, এমনিতেই কয়েকটা জায়গা ছাড়া সবই ফিক্সড। তিন অথবা সাতে রদবদল করা যেতে পারে। এখন সাকিব তিনে খেলতে শুরু করেছে। সে খেললে তো কথাই নেই। সাকিব তিনে খেললে ছয়-সাতের আগে অপশন নেই। তো পজিশন দেখে ঠিক করতে হয়। মুমিনুল তো সবসময়ই আমরা মনে করি ভালো ব্যাটম্যান। সে রান করাতে আমরা সকলেই খুব খুশি। কারণ আমরা মনে করি সে আসলেই ভালো ব্যাটসম্যান। তবে সাকিব তিনে ফিক্সড হয়ে গেলে তার ৬-৭ ছাড়া জায়গা পাওয়া মুশকিল।’

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৬ টি একদিনের ম্যাচ খেলেছিলেন মুমিনুল হক। এর মাঝে ২৪ ইনিংসে ব্যাট করে ৫৪৩ রান করেছেন। মুমিনুল সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ৩ বছর আগে।

ad

পাঠকের মতামত