ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৮ আগস্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত। অন্যদিকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলপথমন্ত্রী মুজিবুল হক।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হতে পারে। বাঙালি মুসলমানের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি জানান, ঈদুল আজহার আগে চারদিন ও পরে সাত দিন বিশেষ ট্রেন চলবে। প্রতিদিন রেলে যাতায়াতের জন্য যাত্রী ধারণক্ষমতা দুই লাখ ৬০ হাজার হলেও ঈদের সময় তা তিন লাখ পর্যন্ত বেড়ে দাঁড়াতে পারে।
ঈদযাত্রার জন্য নেয়া নিরাপত্তা সম্পর্কে মন্ত্রী জানান, যে কোনো নাশকতা ঠেকাতে আনসার, জিআরপি, র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।




