‘আমার বাবা মরে গেছে, কারা যেনো দুইটা গুলি করেছে’
লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী। মুক্তমনা লেখক হিসেবে পরিচিত।
সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের পশ্চিম কাঁঠালদি এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। নিহতের কন্যা কন্যা দূর্বা জাহান ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দূর্বা জাহান লেখেন, আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে। আমাদের গ্রামে। বাবাকে কারা যেনো দুইটা গুলি করে মেরে ফেলেছে।
তিনি আরো জানান, ইফতারের আগে তার বাবা কাঁঠালদির এক দোকানে বসে ছিলেন। দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে কাছ থেকে বুকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ শাহজাহান বাচ্চুকে উদ্ধার করে ইছাপুরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহজাহান বাচ্চু। হঠাৎ মোটরসাইকেল করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি চায়ের দোকানে ঢুকে। তারপর তাকে টেনে দোকান থেকে বের করে আনে। একপর্যায়ে ওই এলাকার রাস্তায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে শাহজাহান বাচ্চুকে গুলি করে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কাকালদী মোড়ে দুইটি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত মুক্তমনা এ লেখককে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




