‘সানিকে পর্নস্টার নয়, শ্রীদেবী-মাধুরীর মতো অভিনেত্রী ভাবুন’
বিনোদন ডেস্ক
বলিউডের এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। পর্ন জগত থেকে নিজেকে সরিয়ে এনে তিনি সাফল্য অর্জন করেছেন রূপালি পর্দায়। বলিউডের শীর্ষ আইটেম গার্লও এখন তিনিই। অন্ধকার দুনিয়া থেকে আলোর জগতে এসে এরকম প্রতিষ্ঠা পাওয়া যে চাট্টেখানি কথা নয়, সেটা অকপটে স্বীকার করেন অনেকেই।
তারপরও ভারতের কিছু লোক সানি লিওনের সমালোচনায় মেতে থাকেন সবসময়। এবার তাদের বিরুদ্ধে কথা বলেছেন গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল। তিনি বলেন, যেভাবে শ্রীদেবী কিংবা মাধুরী দীক্ষিতকে একজন অভিনেত্রী হিসেবে দেখা হয়, সেভাবে দেখা হোক সানি লিওনকেও। যতদিন না পর্যন্ত সানি লিওনকে পর্নস্টারের পরিবর্তে একজন অভিনেত্রী হিসেবে ভাবতে শিখবেন, ততদিন পর্যন্ত এই দেশের কোনো উন্নতি হবে না।
ইন্দৌরে একটি সাংবাদিক সম্মেলনে হার্দিক প্যাটেল আরো বলেন, নার্গিস, শ্রীদেবী কিংবা মাধুরী দীক্ষিতের সঙ্গে তুলনা না করে সানি লিওনকে একজন অভিনেত্রী হিসেবে দেখা হোক। পর্নস্টার নয়, একজন অভিনেত্রী হিসেবে পরিচয় গড়ে উঠুক সানির। তবেই এই দেশের পরিবর্তন সম্ভব।




