219020

মাঠে ছাগল বাঁধতে গিয়ে ধর্ষিত কিশোরী

গাইবান্ধার সাদুল্যাপুরে মাঠে ছাগল বাঁধতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরী বাড়ির অদূরে নদীর পার্শ্বের মাঠে ছাগল বাঁধতে যায়। এ সময় নদীর ধারে আগে থেকেই থাকা একই গ্রামের আজম আকন্দের ছেলে সুজন মিয়া মেয়েটির পেছন দিক থেকে ওড়না টেনে খুলে নেয়। তার পর মুখ চেপে ধরে আখখেতে নিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী কিশোরীটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার সার্বিক অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্ল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষিত ওই কিশোরীর দাদি বাদী হয়ে সুজনকে আসামি করে বুধবার রাত ১০ টায় নারী ও শিশু নির্যাতন আইনে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছে। ওই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad

পাঠকের মতামত