এ কেমন অপকর্ম!
কখনও একসঙ্গে আবার কখনও দু-তিন দলে ভাগ হয়ে দোকানে দোকানে ঘুরে বেড়ান তারা। কেউ কেউ দোকানে ঢুকে কেনাকাটার ভান করছেন আবার কোনো দোকানের ক্রেতাকে ঘিরে ধরছেন।
বোরকা পরা ১০ নারীর এই অস্বাভাবিক চলাফেরার বিষয়টি নজরে আসে পাবনা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামানের। এ সময় তিনি এএসআই সাহিদ ও কনস্টেবল ইমরানকে বিষয়টি সাদা পোশাকে খতিয়ে দেখার নির্দেশ দেন। তারা দীর্ঘ ২৭ ঘণ্টা পাবনার বিভিন্ন শপিংমল ঘুরে অবশেষে উদঘাটন করে এই চক্রের কর্মকাণ্ড।
অবশেষে পুলিশের হাতে অপকর্ম করার সময় হাতেনাতে ধরা পড়ে এই চক্রের সদস্য নুরজাহান (২৫), সুলেমা (২২), নাসিমা আক্তার (১৯), তহুরা বেগম (২২), পারুল (২০), পুতুল (৪২) এবং আসমা (৩২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দরমণ্ডল এলাকায়।
পুলিশ জানায়, এই দলের সদস্যরা দোকানে ঢুকে ২/১ জন কেনার ছলে একের পর এক কাপড়, থ্রিপিচ ইত্যাদি দেখতে থাকে। দোকানি যখন অন্যকাজে ব্যস্ত হয়ে পড়েন, সেই ফাঁকে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনের কাছে কাপড় দিয়ে দেন। মুহূর্তের মধ্যে সে কাপড় গায়েব হয়ে যায়। এভাবেই চলতে একের পর এক দোকানে চুরি। আবার কখনও ক্রেতাকে কৌশলে ঘিরে ধরেন ৪/৫ জন। এর মধ্যে ওই ক্রেতার ব্যাগের টাকা, মোবাইল ফোন হাতিয়ে নেয়।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঈদ সামনে রেখে তারা ছড়িয়ে পড়েন দেশের বিভিন্ন জেলা শহরের বিপনী বিতানে। তারপর উল্লেখিত উপায়ে চলে তাদের অপকর্ম।




