এবার শোবিজের বাইরের মেয়েকে বিয়ে করবেন শাকিব
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের সর্বোচ্চ শেখরে পৌঁছেছেন ঢাকাই কিং শাকিব খান। বহুদিন ধরেই সেরার স্থানটি তার দখলে। রিল লাইফে তিনি হাসিখুশি থাকলেও বাস্তব জীবনে খুব একাকী। তার প্রয়োজন একজন ভালোবাসাময় সঙ্গী। আর তাই শোবিজ নয়, অন্য ভুবনের বাসিন্দার সঙ্গে ঘর বাঁধবেন শাকিব খান।
এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই। স্থির মানুষ হতে চাই। একাকিত্ব আমাকে গ্রাস করছে। এভাবে আর নিজের রক্তক্ষরণ হতে দিতে পারি না। এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার। কাজের জন্য শোবিজ দুনিয়া আর ব্যক্তিজীবনে অন্য ভুবনে বাস করতে চাই।’
তিনি আরো বলেন, ‘মিডিয়াকে ভালোবাসি বলে এই জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম। না, শান্তি পাইনি, প্রতারিত হয়েছি। যাদের বেশি বিশ্বাস করেছি তারাই আমার পিঠে ছুরি বসিয়েছে। হৃদয়ে রক্ত ঝরিয়েছে। এবার আমি যার সঙ্গে জীবন বাঁধব সে হবে শোবিজ নয়, অন্য ভুবনের বাসিন্দা। তার সুখের জন্য আমার সব প্রাচুর্য আর ভালোবাসা নিংড়ে দেব। বিনিময়ে চাইব একটু শান্তি আর সুখ।’
ফেলে আসা জীবনে উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দিতে গিয়ে কখন কোথায় গতিরোধ করতে হবে তা হয়তো বুঝে উঠতে পারেননি শাকিব। আর এই না পারার দুর্ঘটনা তাকে অনেকটা আহত আর পঙ্গু করেছে। এবার তিনি সেই ক্ষত সারাতে চাই।
শাকিবের মতে, ‘আমার প্রয়োজন বুদ্ধিদীপ্ত মন আর উজাড় করা ভালোবাসায় ভরা জীবনসাথী। যে আমার পথচলাটা শুধরে দেবে। দিনশেষে আমাকে একবিন্দু শান্তি দেবে, ভালোবাসায় আমার ভুবনটা ভরিয়ে দেবে। আমার পাশে বসে হাতপাখার বাতাসে পরম মমতায় সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। আমি কি পাব না এমন ভালোবাসার মানুষের সন্ধান? আমি তো বড় বেশি অপরাধ করিনি। যা হয়েছে সবই দুর্ঘটনা।’
আগামী দিনের পরিকল্পনার ছক এঁকে তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমার হাতে থাকা সব কাজ গুছিয়ে এনে আগামী বছর নতুনরূপে নিজেকে সাজাতে চাই। অন্য এক শাকিব খানে পরিণত হতে চাই। এর জন্য দরকার মন বোঝার মতো একজন পথচলার সাথী। যে সারাদিন আমার মনটাকে শান্তিতে ভরিয়ে রাখবে। আমি এখন সেই শান্তির সন্ধানে আছি। সেই শান্তির হাত ধরে নতুন বছরে নতুন করে পথচলার হিসাব-নিকাশটা করতে চাই। আল্লাহর কাছে এখন আমার এই একটিই প্রার্থনা, আমি শান্তি চাই।’




