প্রধানমন্ত্রীর ইফতারে তারকাদের ঢল
বিনোদন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা অংশ নেন।
প্রধানমন্ত্রীর ইফতারে অংশ নেয়া তারকাদের মধ্যে ছিলেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, ক্লোজআপ ওয়ান তারকা পুলক অধিকারী, অভিনেত্রী অপি করিম, তানভীন সুইটি, দীপা খন্দকার, অভিনেতা মাহফুজ আহমেদ, মাজনুন মিজানসহ আরো অনেকে।
ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন তারকারা।

ইফতারের আগে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ সকল শহীদ, ৭১ এর মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।




