মুসলিমদের জন্য ‘সেহরি’ বানান এই হিন্দু ছাত্র
ভারতে যখন গরু রক্ষার নামে পশু জবাইকে কেন্দ্র করে মুসলিম-হিন্দুদের মধ্যে দাঙ্গা, ঠিক তখনই হাসপাতালে রোজাদার রোগীদের জন্য ‘সেহরি’ বানিয়ে সবার নজর কেড়েছেন এক হিন্দু ছাত্র। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শৈলেন্দ্র দুবে নামে ওই ছাত্র ও তার বন্ধুরা রমজান মাস উপলক্ষে হাসপাতালের মুসলিম রোগীদের কাছে সেহেরির আগ মুহূর্তে পৌঁছে দিচ্ছেন খাবার।
রমজান মাসে যেন কোনো রোজাদার শুধু পানি খেয়ে রোজা না রাখে সে চিন্তা থেকেই এমন পদক্ষেপ নিয়েছেন শৈলেন্দ্র।
শৈলেন্দ্র জানান, রমজান মাস উপলক্ষে শহরের বিভিন্ন হাসপাতালে যেসব মুসলিমদের চিকিৎসা চলছে অথচ তারা রোজাও রাখছেন,তাদের জন্য সেহরি বানান তারা।
ভোপালের ঋষিরাজ ডেন্টাল কলেজের ছাত্র শৈলেন্দ্র বলেন,‘ গত ১৯ মে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হন। আমরা বাবাকে নিয়ে হামিদিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। রাতে বাবার সঙ্গেই হাসপাতালে ছিলাম। সেখানে এক মুসলিম নারীকে শুধু পানি পানে সেহরি করতে দেখেছি। কারণ ভোর ৩টার সময় হাসপাতালে কোনো খাবার ছিল না। তাই তিনি কিছু খেতে পারেননি। এরপরই আমি সিদ্ধান্ত নেই রমজানে সেহরি বানিয়ে তা চিকিৎসারত মুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার।’




