একরামের পরিবারের দেওয়া অডিও খতিয়ে দেখা হচ্ছে: র্যাব
মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফ পৌর কাউন্সিলর একরামুল হকের পরিবারের দেওয়া অডিও টেপ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একরাম নিহতের ঘটনায় প্রচারিত অডিও রেকর্ডের কথা শুনেছি। খটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
গত ২৬ মে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একরাম নিহত হন। এরপর র্যাব দাবি করে একরাম মাদক ব্যবসায়ী। তবে বৃহস্পতিবার টেকনাফে এক সংবাদ সম্মেলনে নিহত পৌর কাউন্সিলরের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, বন্দুকযুদ্ধের নামে অন্যায়ভাবে তার স্বামীকে ‘হত্যা’ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার দাবি করছি।’ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এ সময় তিনি সাংবাদিকদের ১৪ মিনিট ২২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড দিয়ে জানান, এটি ২৬ মে রাতে একরামুল নিহত হওয়ার সময়ের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা অভিযোগ করে বলেন, ‘২৬ মে রাতে একটি গোয়েন্দা সংস্থার মেজর পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এ সময় আমার স্বামী মোবাইলে আমার মেয়ে ও আমার সঙ্গে কথা বলেন। তখন তার কণ্ঠে আতঙ্ক ছিল। এরপর থেকে আমার মোবাইলটি সারাক্ষণ খোলা ছিল। এতে রেকর্ড হচ্ছিল। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চিৎকার ও গুলির শব্দ শুনেই আমি ও আমার পরিবার আঁতকে উঠি। তখনই বুঝতে পারি আমার স্বামীকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে।’




