পিতা-পুত্রের ‘ঝড়’
সংগীত তারকা হাবিব ওয়াহিদ। আগামীকাল প্রকাশ করছেন তার ‘ঝড়’ গানের ভিডিও। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশিত হবে।
গানটির ভিডিও নিয়ে এরই মধ্যে সবার মাঝে অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে। কারণ ভিডিওতে হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এতে মডেল হিসেবে আরও রয়েছেন শার্লিনা হোসেন,সংগীত পরিচালক ও গায়ক অদিত রহমান, প্রীতম হাসান এবং র্যাপ্যার তৌফিক।
গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
এ সম্পর্কে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটির গল্পও সাজানো হয়েছে সেভাবে। ভিডিওতে আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায় অভিনয় করেছেন আমার বাবা! এটা অনেক মজার একটা বিষয়। সব মিলিয়ে আমি নিজেই কাজটি খুব এনজয় করেছি। আশা করি আমার ভক্তদেরও ভালো লাগবে।’
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটা অত্যন্ত ব্যাতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। শ্রোতারাও এনজয় করবেন।’




