‘কথা দিচ্ছি, নেত্রীকে না নিয়ে ঘরে ফিরবো না’
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে, বিএনপি তা রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেছেন, ‘সেটা আমরা হতে দেব না। আমরা আমাদের নেত্রীকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা কথা দিচ্ছি, নেত্রীকে না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আমরা রাজপথে নেমেছি। রাজপথেই থাকবো।’
মঙ্গলবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করা বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করে তাকে যদি নির্বাচন থেকে বঞ্চিত করে সরকার কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র আমরা ভেঙ্গে দেব।’
‘গণতন্ত্রের মুক্তি মানেই খালেদা জিয়ার মুক্তি’ উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া মুক্তি পেলেই গণতন্ত্র মুক্তি পাবে। আজকে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে আওয়ামী লীগকে জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করবে। সেজন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পান, জনগণকে ভয় পান।’
‘জনগণের ওপরে শেখ হাসিনার কোনও আস্থা ও বিশ্বাস নেই। তাই হাত উঁচিয়ে তিনি নৌকায় ভোট চান। জনগণকে ওয়াদা করাতে চান।’




