216443

রুবিনা কৃত্রিম পায়েই পথ চলবেন









নিউজ ডেস্ক।। ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে দুই পা হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তারের (২২) শরীরে কৃত্রিম পা সংযোজন করা হবে। আগামী ১৭ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার কৃত্রিম পা সংযোজন করা হবে।

রবিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবিনা আক্তারকে দেখতে আসেন। সেখানে তিনি কৃত্রিম পায়ের জন্য রুবিনার হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়াও রুবিনার পরিবারকে খরচের জন্য আরও ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।

রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রুবিনাকে কৃত্রিম পায়ের জন্য আমরা অনুদান দিয়েছি। সিএমএইচ-এ তাকে কৃত্রিম পা লাগানো হবে। সেখানে হাঁটার বিষয়েও তাকে কয়েকদিন প্রশিক্ষণ দেয়া হবে।’

গত ২৮ জানুয়ারি দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলের একটি ইঞ্জিনের নিচে পড়ে দুই পা হারান রুবিন আক্তার। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রুবিনা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ির যাওয়ার জন্য তিনি কমলাপুরে গিয়েছিলেন।

ad

পাঠকের মতামত