শেষ বিকেলের শীলা বৃষ্টিতে বৈশাখী আনন্দে ভাটা (ভিডিও)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। শেষ বিকেলের বৃষ্টিতে পহেলা বৈশাখের আনন্দে ভাটা পড়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে আকাশ কালো করে ঈষান কোণে মেঘ জমে। শুরুতে বৃষ্টি কম থাকলেও পরে বৃষ্টিপাত বাড়তে থাকে। সেইসঙ্গে ঝড়ো হাওয়াও বইতে থাকে। নগরবাসীর যারা প্রখর খরতাপের কারণে দিনের প্রথমভাগে বের হননি তারা বিকেলে ঘুরতে বেরিয়ে বিপাকে পড়েন।
অনেককে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা যায়। কেউ কেউ রাস্তা ও ফুটপাতের পাশে দোকানে আশ্রয় নেন। আবহাওয়া আধিদফতর বিভাগ অবশ্য পূর্বাভাসে আগেই জানিয়ে দিয়েছিল আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
অপরদিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। নরসিংদীর মনোহরদীসহ বিভিন্ন স্থান থেকে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
রাজধানীর লালবাগের বাসিন্দা রহমত আলী বিকেলে হাতিরঝিলে ঘোরার উদ্দেশে সপরিবারে বের হন। বাংলামোটরে পৌঁছাতে না পৌঁছাতে বুষ্টিতে আটকা পড়েন। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে গল্পচ্ছলে বলেন, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বিশ্বাস না করে ভুল করেছি। বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া বৃষ্টি বিকেল ৫টা ২৫ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত চলছিল।
বাংলা নতুন বর্ষবরণের এই দিনে সকাল থেকেই বেশ গরম ছিল ঢাকায়। তারপরও নববর্ষ উৎসবে মেতে উঠতে রাজধানীর শাহবাগ, টিএসসি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় মানুষের ঢল নেমেছিল। ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল মানুষের মধ্যে। দুপুরের পরই মেঘে মেঘে ঢেকে যায় আকাশ। বিকেল গড়াতেই শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে বর্ষবরণ উৎসবে মেতে উঠা মানুষ ভোগান্তিতে পড়েছে। শাহবাগ, টিএসসি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় অবস্থান করা মানুষের অনেকে ভিজে যান।
নদীবন্দরে ২ নম্বর সংকেত
ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুই নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।




