মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিস্ফোরক মন্ত্রব্য এরশাদের!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা অযৌক্তিক। ছাত্ররা বিক্ষুব্ধ হয়েই আন্দোলনে গেছে। প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করতে পেরে কোটা বাতিল করেছেন। আমার মনে হয় একবারে কোটা বাতিল করা ঠিক হবে না। তবে যদি এটা কম করে দেওয়া হয় তাহলে ভালো হবে।
শনিবার রংপুরে কর্মী সম্মেলনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরের বাঙ্গালীপুর সরকারপাড়ায় সংসদ সদস্য শওকত চৌধুরীর বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় এরশাদ বলেন, নির্বাচন হোক আমরাও চাই। নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টি বিপুলভাবে বিজয়ী হবে। আমরা কারও সঙ্গে নেই। বরং অন্যরাই আমাদের সঙ্গে। আমরা বিরোধী দল।
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত আরো বলেন, আগামীতে আমরা এককভাবে নির্বাচন করবো এবং ৩০০ আসনে প্রার্থী দেবো। আমরা ছাড়া তো আর কোনও দল নাই। বিএনপির অবস্থা ছিন্নভিন্ন। তারা নির্বাচনে আসতে পারবে কিনা জানি না। আর সরকারের যে অবস্থা, সুনাম ক্ষুণ্ন হয়েছে। আরও অনেক বিষয় ঘটছে। এখন জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অর্থের অভাবে এবং ভালো প্রার্থী না পাওয়ায় এখানে দলের পক্ষ থেকে প্রার্থী দেয়া হয়নি। রংপুরে সিটি নির্বাচনে আমরা ব্যাপকভাবে বিজয়ী হয়েছি। তাই খারাপ রেজাল্ট করতে চাই না। তাছাড়া এখন আমাদের প্রধান উদ্দেশ্য জাতীয় নির্বাচন এবং লক্ষ্য হলো আগামীতে ক্ষমতায় যাওয়া।
এরশাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, শওকত চৌধুরী এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি প্রমুখ।




