215704

বল করার কৌশল জানালেন মাশরাফি









নিউজ ডেস্ক।। প্রায় দেড় যুগ হলো ক্রিকেট খেলছেন মাশরাফি বিন মুর্তজা। ১৮ বছর ধরে ক্রিকেট খেলে যাওয়া মাশরাফি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। এখন পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন। নিত্য নতুন কৌশল বের করছেন। এ জন্য তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর তাই করে যাচ্ছেন দেশের জন্য। বয়ে আনছেন একেকটি সাফল্য।

সম্প্রতি সাক্ষাৎকারে মাশরাফি তার বোলিং নিয়ে অনেক কথা জানালেন। তিনি বলেন, সিমে বল ফেলার কাজটা বরাবরই আমার ভালো হয়। পেস কমে যাওয়ার পরও টিকে আছি সিমে নিয়মিত বল ফেলতে পারি বলে। কবজির একটা ব্যাপার আছে এখানে। আমি বাসায় সবসময় তিন-চারটি বল রাখি। হয়ত শুয়ে বা বসে আছি, মনের অজান্তেই বল নিয়ে ব্যাক স্পিন করতে থাকি। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। খাওয়া বা গোসলের মত একটা দৈনন্দিন ব্যাপার।

মাশরাফি বলেন, ব্যাক স্পিন করতে করতে রিস্ট পজিশন ভালো হতে থাকে। এটা করতে থাকলে ৬ মাস, ৮ মাস বা ১ বছর পর দেখা যাবে, স্বয়ংক্রিয়ভাবেই বল সিমে পড়া শুরু হয়েছে। এটা কোনো রকেট সায়েন্স না। সিম্পল ব্যাপার। তবে নিয়মিত করতে হবে।




এই ক্রিকেট তারকা বলেন, অনেকের ভেতর সহজাতভাবেই এটা থাকে। তাদের এমনই সিমে পড়ে। তবে ৯৫ শতাংশেরই হয় না। আমি এই ৯৫ ভাগের দলে, কাজেই আমাকে হোমওয়ার্ক ও অনুশীলন করতে হয়।

শুরুতে বোলিং মনের মত হতো না বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ২০০৭ সালে আফ্রো-এশিয়া খেলতে গেলাম ভারতে। অনুশীলন করছিলাম। তখন আমার ইনসুইঙ্গার দেখে মোহাম্মদ আসিফ (সাবেক পাকিস্তানি পেসার) বললেন, ‘এটা কী ইচ্ছে করে করালে নাকি হয়ে গেছে?’ আমি বললাম, ‘আউট সুইঙ্গার আমার মূল শক্তি। ইনসুইং পারি না, এমনিই হয়ে যায়।’ তখন সে বলল, ‘ঠিক আছে, আমি তোমাকে প্র্যাকটিসে দেখাব।’

আসিফ আমাকে অনেক কিছু দেখাল।সে তো ইনসুইংয়ের মাস্টার ছিল। সে বলেছিল যে, রিস্ট পজিশনের ওপর অনেক কিছু নির্ভর করে। তার কথা শুনেই ব্যাক স্পিনের প্র্যাকটিস করেছি। ফলও পাই। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

ad

পাঠকের মতামত